উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাভার থেকে বাসে করে সদরঘাট যাচ্ছিলেন মো. আজমল আলী। রাজধানীর শ্যামলী এলাকায় এসে তাঁর বাসটি তীব্র যানজটে পড়ে। আসাদ গেট এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি জানান, সকাল সকাল এমন জ্যামে পড়ে তিনি বড় বিড়ম্বনায় পড়েছেন।
আজ সকাল থেকে রাজধানীর শেরেবাংলা নগরসহ আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকেরা। খোঁজ নিয়ে জানা যায়, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচি রয়েছে।
কর্মসূচি পালনের জন্য সকাল থেকে যুবদলের নেতা–কর্মীরা মিছিল নিয়ে জিয়া উদ্যান এলাকায় জড়ো হতে শুরু করেন। এর ফলে বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বেগম রোকেয়া সরণি ও মিরপুর রোডের মতো গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।