উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্যবাহী গাড়ি দায়িত্বপ্রাপ্ত চালকের বদলে অন্যদের দিয়ে চালানোসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে সংবাদ প্রকাশের পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। করপোরেশনের সচিব মো. মশিউর রহমান খানের সই করা এক দপ্তর আদেশে আজ সোমবার এই কমিটি গঠনের কথা জানানো হয়। আগামী সাত কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে এই কমিটিকে। গত ১৭ অক্টোবর একটি দৈনিকে এসংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
আদেশে বলা হয়েছে, প্রকাশিত সংবাদের ফলে করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কমিটি গঠন করা হলো। কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিমকে। অন্য দুই সদস্য হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ও সাধারণ প্রশাসন শাখার সহকারী সচিব মুহম্মদ মোতালেব। কমিটি সংবাদে উঠে আসা বিষয় পর্যালোচনা ও তদন্ত করে প্রশাসকের কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে।
অনুসন্ধানে দক্ষিণ সিটির বর্জ্য পরিবহনের ২২টি গাড়ি চালকের বদলে অন্যদের দিয়ে চালানোর তথ্য পাওয়া যায় এবং সংশ্লিষ্ট সূত্রের দাবি এমন গাড়ি অন্তত ৫৬টি। বরাদ্দপ্রাপ্ত চালকদের একাংশ নিজেদের বদলে সহকারী বা বহিরাগত ব্যক্তিদের দিয়ে গাড়ি চালিয়ে বেতন নিচ্ছেন। এছাড়া বরাদ্দের জ্বালানি পুরোটা না তুলে বাকি অংশের টাকা ভাগাভাগির অভিযোগও উঠে আসে। ২০১৭ সাল থেকে চলতি বছরের ৪ অক্টোবর পর্যন্ত দক্ষিণ সিটির ময়লার গাড়িসংশ্লিষ্ট ১৬টি দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়, যার অন্তত তিনটিতে চালকের বদলে অন্য ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন।