উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন উপসচিব আফরোজা আক্তার রিবা।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনতা ব্যাংক পিএলসির নতুন এমডি ও সিইও হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত এমডি মো: মাহবুব আলম। বেসিক ব্যাংকে নিয়োগ পেয়েছেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: নুরুল হুদা এবং অগ্রণী ব্যাংকের নতুন এমডি হয়েছেন যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: নূর মোহাম্মদ।
এদিকে পৃথক এক আদেশে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তিনি আরও এক বছর এই ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী, নবনিযুক্ত ও বহাল থাকা এসব কর্মকর্তাদের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম নিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।