উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারের ডিলার নিয়োগে বিভিন্ন জায়গায় দলীয় প্রভাব ও অর্থ লেনদেনসহ নানা অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই অভিযোগ তোলা হয়। কমিটির একাধিক সদস্য ডিলার নিয়োগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অনিয়মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।
বৈঠক সূত্র জানায়, অন্তত তিনজন সদস্য সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তোলেন। টাকার বিনিময়ে আওয়ামী লীগের সমর্থকদের ডিলারশিপ দেওয়ার অভিযোগ করা হয়। এছাড়া বিরোধী দলীয় একজন সদস্য অভিযোগ করেন, প্রকৃত ও অভিজ্ঞ ব্যবসায়ীদের বাদ দিয়ে দলীয় পরিচয়কে প্রধান বিবেচনায় নেওয়া হয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম জানান, অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ থাকা জায়গায় আপাতত সারের ডিলারশিপ স্থগিত রাখতে বলা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে ডিলারশিপ অস্থায়ী ভিত্তিতে দেওয়া হয়েছে এবং তিন মাসের মধ্যে অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপ নেওয়া হবে। তবে সারের পর্যাপ্ত মজুত ও উদ্বৃত্ত থাকায় বিতরণ ও মজুত নিয়ে সন্তোষ প্রকাশ করেছে কমিটি।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোর জেলার ডিলারশিপ নিয়োগসংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলা হয়েছে। চুক্তি না হওয়া পর্যন্ত চুক্তি সম্পাদন স্থগিত রাখতে এবং সম্পাদিত চুক্তির অভিযোগ তদন্ত করতে বলা হয়েছে। সার বিতরণ ও মজুত পরিদর্শনের জন্য মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে একটি উপকমিটি গঠন করা হয়েছে।