উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নে সরকারি ছুটির দিনে বন বিভাগের রোপণ করা গাছ কাটার অভিযোগ উঠেছে। মহাদেবপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলামের বিরুদ্ধে এই গাছ চুরির অভিযোগ আনা হয়েছে। বন বিভাগের কোনো অনুমোদন না নিয়েই মেহগনি, শিশু ও কড়ইসহ ১০ থেকে ১২টির অধিক গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, কাটা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা এবং সরকারি অফিস বন্ধ থাকার সুযোগে এগুলো সরিয়ে নেওয়া হয়।
অনুসন্ধানে জানা যায়, মহাদেবপুর থেকে শিমুলিয়া বাজার এবং শিমুলিয়া মোড় থেকে তাড়াইল বাজার পর্যন্ত সড়কের দুই পাশের ঢালু এলাকায় ২০১৭-২০১৮ সালের দিকে বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। গাছগুলোর রক্ষণাবেক্ষণের জন্য বন বিভাগের পক্ষ থেকে স্থানীয় নিজামকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছিল। অভিযুক্ত আরিফুল ইসলামের দাবি গাছগুলো বন বিভাগের নয় বরং তাঁর বাবা ও তারা নিজেরাই এগুলো লাগিয়েছেন। তবে গাছ কাটার জন্য বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার কোনো নথি পাওয়া যায়নি।
এ ঘটনায় শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। মানিকগঞ্জ বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ জানান, অনুমোদন ছাড়া বন বিভাগের গাছ কাটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাবেক মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বুলবুল আহমেদ বলেন, দলের পরিচয় ব্যবহার করে কেউ অন্যায় করলে দল তা প্রশ্রয় দেবে না এবং সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।