উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শের লক্ষ্যে এগিয়ে চলেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গত শুক্রবার আল ফয়সালির বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানের জয়ের ম্যাচে গোল করেছেন তিনি। এই গোলের মাধ্যমে তাঁর পেশাদার ক্যারিয়ারে গোলসংখ্যা এখন দাঁড়িয়েছে ৯৮২টি।
ম্যাচের ৪৯তম মিনিটে জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে হেড করার চেষ্টা করেন রোনালদো এবং বলটি ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। তবে বলে তাঁর মাথার স্পষ্ট স্পর্শ ছিল কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। পরিসংখ্যানবিদ অপ্টা গোলটিকে আত্মঘাতী বললেও সৌদি প্রো লিগ তা রোনালদোর নামেই নথিভুক্ত করেছে।
সংবাদমাধ্যম আরিয়াদিয়াহ জানিয়েছে, ম্যাচ রেফারি আব্দুল্লাহ আল-ওয়াইদানের প্রতিবেদনের ভিত্তিতেই গোলটি রোনালদোর বলে গণ্য করা হয়েছে। সৌদি প্রো লিগ সাধারণত রেফারির প্রতিবেদনের ওপর নির্ভর করে এবং এ ক্ষেত্রে কোনো পরিবর্তনের প্রয়োজন হয়নি। ফলে সহসাই ১ হাজার গোলের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।
ঐতিহাসিক এই মাইলফলক ছুঁতে এখন রোনালদোর প্রয়োজন আর মাত্র ১৮টি গোল। গোলটি নিয়ে বিতর্ক তৈরি হলেও ম্যাচ রেফারির চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী এটি তাঁর কেরিয়ারের ৯৮২তম গোল হিসেবেই স্বীকৃতি পেয়েছে।