উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসায় গিয়ে বসে ছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। রোববার সন্ধ্যা সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই দাবি করেন। রাশেদ জানান, বিএনপি আসিফ মাহমুদের প্রতি আগ্রহ না দেখানোর পর বাধ্য হয়ে তিনি এনসিপিতে যোগদান করেছেন।
রাশেদ খাঁন তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, মাহফুজ আলমও ধানের শীষে নির্বাচন করতে আগ্রহী ছিলেন এবং তাঁরা দুজন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছিলেন। তবে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা বিএনপির প্রতীকে নির্বাচন করুক, তা বিএনপি চায়নি বলে জানান তিনি। রাশেদের এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, মিথ্যা কথা বলার জন্যই তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি এই বক্তব্যকে মন্তব্য করার মতো গুরুত্বপূর্ণ মনে করেন না।
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন নেতা নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন। নাহিদ সাত মাসের মাথায় সরকার থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন, আর মাহফুজ ও আসিফ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১০ ডিসেম্বর পদত্যাগ করেন। এরপর ২৯ ডিসেম্বর এনসিপিতে যোগ দিয়ে আসিফ দলটির মুখপাত্র হন এবং বর্তমানে তিনি জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোটবদ্ধ হওয়ার বিষয়টির সঙ্গে একমত না হওয়ায় মাহফুজ আলম দলটিতে যোগ দেননি এবং বর্তমানে অল্টারনেটিভস নামের একটি প্ল্যাটফর্মের সংগঠক হিসেবে আছেন।
পোস্টে রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, বেশি আসনে সমঝোতা পাওয়ার আশায় এনসিপির শীর্ষস্থানীয় নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বসে থাকতেন, কিন্তু বিএনপি চারটির বেশি আসন ছাড়তে রাজি হয়নি। বেশি আসন ও নির্বাচনী খরচের লোভেই এনসিপি জামায়াত জোটে গেছে বলে মন্তব্য করেন তিনি। রাশেদ লেখেন, জামায়াত-এনসিপির ৯০ জন সংসদ সদস্যের মেধা ও যোগ্যতা এক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সমান নয় এবং তাঁরা বিএনপিকে চাপে রেখে বিরিয়ানির ভাগ পেতে চায়।