উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে আয়োজিত এই সভাগুলোতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম। সকাল ১০টায় শুরু হওয়া কল্যাণ সভায় বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সামষ্টিক সমস্যা তুলে ধরেন এবং পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে তা সমাধানের নির্দেশ দেন।
পেশাগত দায়িত্ব পালনে অনন্য অবদান রাখায় অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়। জেলার শ্রেষ্ঠ এএসআই হয়েছেন ফতুল্লা থানার মো. আব্দুল হামিদ খান এবং শ্রেষ্ঠ এসআই রূপগঞ্জ থানার রৌশন আলী। এছাড়া শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হন সার্জেন্ট শফিউল আজম শোভন এবং শ্রেষ্ঠ ডিবি অফিসার হন এসআই মো. মফিজুল ইসলাম।
ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটন এবং অস্ত্র উদ্ধার ও ডাকাত গ্রেপ্তারে বিশেষ অবদান রাখায় বেশ কয়েকজন থানাপুলিশের কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে বন্দর থানার এসআই মিকাইল হোসেন, ফতুল্লা মডেল থানার এসআই পলাশ বাইন এবং সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বিশেষ স্বীকৃতি পান। এছাড়া রূপগঞ্জ থানার ওসি এ. এইচ. এম. সালাউদ্দিন অস্ত্র উদ্ধার ও ডাকাত গ্রেপ্তারে এবং বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন বিশেষ পুরস্কার লাভ করেন।
দুপুর ১২টায় সেপ্টেম্বর ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা শুরু হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ওই মাসের মামলার অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন। সভাগুলোতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, সিআইডি, নৌ-পুলিশ ও হাইওয়ে পুলিশের পরিদর্শকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।