উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংবিধান সংশোধনের পথ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, আরেকটি সংশোধন করলে আদালত তা হোয়াইটওয়াশ করে দেবে এবং এই পণ্ডশ্রমে তারা রাজি নন। আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ক্ষমতায় গিয়ে বিএনপি অতীত ভুলে গেছে বলে অভিযোগ করে শফিকুর রহমান বলেন, এই সংবিধান ফ্যাসিবাদের জন্মই শুধু দেয়নি, একে স্থায়ী রূপ দিতে চেয়েছিল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপির সমালোচনা করে তিনি বলেন, গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোতে আপত্তি জানিয়ে দলটি নোট অব ডিসেন্ট দিয়েছিল এবং গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেয়নি।
আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের আমির বলেন, সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক প্রবেশ ঠেকাতে না পারলে সরকারের দেশ পরিচালনার যোগ্যতা নেই। চাঁদাবাজি ও দখলদারির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, পঞ্চগড়ে কৃষকেরা চারটা লাউ এক টাকায় বিক্রি করলেও ঢাকায় তা ৪০ থেকে ৬০ টাকায় কিনতে হচ্ছে।
আলোচনা সভায় এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, তারেক রহমানকে অতীত থেকে সবক নিতে হবে এবং প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনের কারণেই তিনি ক্ষতিগ্রস্ত হবেন। জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেন, একপেশে সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের পায়ের তলার মাটি সরে গেছে এবং তারা জাতিকে ভুল বুঝিয়ে টিকে থাকার অপচেষ্টা করছে। আলোচনা সভায় আরও বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান, এবি পার্টির সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।