উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বর্তমান জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কি না, সেই বিষয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ শনিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আয়োজিত এক প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
প্রচারপত্র বিতরণের আগে দেওয়া এক সংক্ষিপ্ত পথসভায় নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর পরে গঠিত এই নতুন জাতীয় সংসদের কোনো মূল্যই আর নেই। এই জাতীয় সংসদে বিরোধী দলের কথার এবং জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন করা হচ্ছে না বলেই এটি পাঁচ বছর টিকবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদে যত প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের কারও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকা উচিত নয় বলেও তিনি জোরালো মন্তব্য করেন।
আগামী দিনে সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম মেয়র পদে প্রার্থী হবেন—স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেন নাহিদ। তিনি বলেন, প্রশাসকদের আবার স্থানীয় সরকারের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি কোন ধরনের গণতন্ত্র? এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করেন যে নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না।
দেশে আইনশৃঙ্খলার অবনতি দেখতে চান না উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, সেটার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় কোনোভাবেই দেশের আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি, জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে জ্বালানিমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে বলে দাবি জানান তিনি।
সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে যে নাটক ও প্রহসন চলছে, তা দ্রুত বন্ধ করতে হবে। এই কমিটিকে জনগণ ইতিমধ্যে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত করেছে বলে তিনি উল্লেখ করেন। উক্ত কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির ঘোষিত মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদসহ অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।