উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শিশু বলাৎকারের অভিযোগ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। শনিবার সকালে ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি তার দৃষ্টিগোচর হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে যা করা প্রয়োজন, সরকার তাই করবে।
মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত সচেতন এবং তিনি এ ধরনের অন্যায় থেকে বেঁচে থাকার জন্য নির্দেশনাও দিয়েছেন। সমাজের বিভিন্ন অন্যায় ও অনৈতিকতা দূর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষ ইমামদের কথা পরম আস্থার সঙ্গে শোনে। জুমার খুতবায় মাদক, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, জিনা ও অন্যায়-অবিচার দূর করতে ইমামদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সম্মেলনে ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের আর্থিক সুরক্ষা ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন ধর্মমন্ত্রী। তিনি জানান, আগামী চার বছরের মধ্যে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় নেতাদের পর্যায়ক্রমে সরকারি সম্মানী কাঠামোর আওতায় আনা হবে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।