উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শক্তি আবার ফিরে এলে তা প্রত্যেককে ক্ষতিগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের পরাজিত শক্তি এতই শক্তিশালী যে এই শত্রুকে মোকাবিলার ক্ষমতা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সরকারের পক্ষে এককভাবে সম্ভব নয়। তাই এই অভিন্ন হুমকির বিরুদ্ধে নিজেদের অস্তিত্বের জন্য পরস্পরের হাত ধরে রাখা দরকার। আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
‘জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায়’ শিরোনামে এই সভার আয়োজন করে ভিশন পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার। নেতিবাচক রাজনীতির কারণে প্রতিটি ক্ষেত্রে সবাই বিভাজিত হয়ে গেছে উল্লেখ করে নিয়াজ আহমেদ বলেন, রাজনীতির ওপরে গিয়ে সবাই চায় বর্তমান সরকার সফল হোক এবং দেশে স্থিতিশীলতা থাকুক। বহু মানুষের রক্তের ঋণ নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় সবাই মোটামুটিভাবে খেয়ে–পরে বেঁচে থাকতে চায় এবং সে জন্যই ঐক্যের আলোচনা প্রয়োজন।
ঐক্য ধরে রাখতে হলে বিভাজন কীভাবে তৈরি হয়েছে তা দেখতে হবে বলে মন্তব্য করে সাবেক এই উপাচার্য জানান, গত দুই দশকে রাষ্ট্রীয়ভাবে পরিচালিত প্রক্রিয়ার মধ্য দিয়ে খুবই পদ্ধতিগতভাবে সমাজ বিভাজিত হয়েছে। এ প্রসঙ্গে কট্টরবাদী ও উদারপন্থী কিংবা ১৯৭১ বনাম ২০২৪-এর মতো বাইনারি তৈরি করার কোনো প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, ১৯৪৭ থেকে ২০২৪ পর্যন্ত প্রতিটি ঐতিহাসিক ঘটনাই বাংলাদেশের জাতিসত্তার মূল পরিচায়ক।
জাতীয় ঐক্যের জন্য তিনটি আশাব্যঞ্জক সুযোগের কথা তুলে ধরে নিয়াজ আহমেদ বলেন, নানা ষড়যন্ত্র ও লেবেলিংয়ের মধ্যেও তরুণদের কিছু প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে এবং তারা ঐক্যের পথে বড় ভূমিকা রাখছে। এছাড়া বর্তমান সরকারি দল ও বিরোধী দল সবাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হওয়ায় একটি অভিন্ন অবস্থানে আসার সুযোগ রয়েছে। সাধারণ শত্রু বা কমন থ্রেট থাকলে মানুষ ঐক্যবদ্ধ হয় উল্লেখ করে তিনি জানান, পুরোনো শক্তি ফেরত এলে তার পরিণতি সবাই জানে, তাই অস্তিত্বের জন্যই হাত ধরে রাখা দরকার।