উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ‘আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস শেখায়।
রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করেন। তিনি অবৈধভাবে দখল করা মাঠগুলো দখলমুক্ত করে সংরক্ষণ এবং নতুন মাঠ চিহ্নিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সাথে অ্যাথলেটিকসকে ‘ক্রীড়ার জননী’ হিসেবে অভিহিত করে এর ভিত্তি মজবুত করার ওপর গুরুত্ব দেন তিনি।
নারী অ্যাথলেটদের সমান সুযোগ নিশ্চিত করা এবং আর্থিক সংকটে যেন কোনো প্রতিভা ঝরে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন রাষ্ট্রপতি। এ লক্ষ্যে স্কুল, কলেজ ও জেলা-উপজেলা পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন থেকে অনেক প্রতিভাবান অ্যাথলেট উঠে আসবে।
বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে সরকারের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক ও ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে খেলাধুলাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ সময় তিনি স্পোর্টস কার্ড, স্পোর্টস অ্যালাউন্স ও জেলা পর্যায়ে আধুনিক স্পোর্টস ভিলেজ তৈরির পরিকল্পনার কথা জানান।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে ৫৭টি দলের মার্চ পাস্ট ও মশাল প্রজ্বলনের পর রাষ্ট্রপতি পুরুষ ও নারীদের ১০০ মিটার স্প্রিন্ট উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পদক তুলে দেন। এর আগে সাবেক অ্যাথলেট মহিউদ্দিন আহমেদ ও সুমিতা রানী দাস প্রতিযোগিতার মশাল প্রজ্বলন করেন।