উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুর জেলা সদরের কানাইপুরের রায়কালীতে রায়কালী সর্ব-জনীন দুর্গা মন্দিরে শ্রী-শ্রী শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। রায়কালী ক্ষেত্র মোহন মন্ডলের বাড়িতে বিগত ১৫ বছর ধরে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। পূজা কমিটির সভাপতি ক্ষীরোদ চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক বঙ্কিম চন্দ্র মন্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে ৬০০ কেজি চাল অনুদান দেওয়া হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা। পূজা সম্পন্ন করতে আনুমানিক ২ লক্ষ টাকা মোট ব্যয় হয়, যা পূজা কমিটির ফান্ড থেকে খরচ করা হয়। যতদিন বেঁচে আছেন ততদিন পূজা করে যাবেন এবং পরবর্তী প্রজন্মও পূজা চালিয়ে যাবে বলে তারা প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় বক্তব্য প্রদান করেন বাবু ক্ষীরোদ চন্দ্র মন্ডল, সঞ্জয় কুমার মন্ডল, কোষাধক্ষ্য মনোজিৎ কুমার বিশ্বাস, পরিমল মন্ডল, পুরোহিত বিধান কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক দীপ্তি কীর্তনীয়া, প্রধান শিক্ষক কল্যাণী মন্ডল ও আনসার কমান্ডার মো. হাসান ফকিরসহ অনেকে। রায়কালী সর্ব-জনীন দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মন্দির সংস্কারের জন্য আর্থিক অনুদান চাওয়া হয়েছে।
সপ্তমী পূজার দিন থেকে শুরু করে শুভ বিজয় দশমী পর্যন্ত প্রতিদিন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বলে জানা গেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে স্থানীয় ভক্ত ও সুধীজনরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।