উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির উদ্যোগে আয়োজিত জিএসসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর চতুর্থ কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর জয় পেয়েছে সিরাজগঞ্জের সবুজ সংঘ ইয়ংস্টার ক্লাব। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে রাজবাড়ীর সূর্যসেন স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় তারা এবং নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৫-৩ গোলের ব্যবধানে সূর্যসেন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে ওঠার পথ নিশ্চিত করে সিরাজগঞ্জের দলটি। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল।
ম্যাচ চলাকালীন দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে উপস্থিত দর্শকেরা দারুণভাবে খেলাটি উপভোগ করেন। খেলা দেখতে মাঠে হাজার হাজার ফুটবলপ্রেমীর সমাগম ঘটে এবং তাদের উচ্ছ্বাস, করতালি ও সমর্থনে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। নির্ধারিত সময়ে দুই দলই সমান দুটি করে গোল করায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের এই লড়াইয়ে ৫-৩ গোলে জয় নিশ্চিত করে সিরাজগঞ্জের সবুজ সংঘ ইয়ংস্টার ক্লাব। অন্যদিকে, দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত পরাজয় মেনে মাঠ ছাড়তে হয় রাজবাড়ীর সূর্যসেন স্পোর্টিং ক্লাবকে।
স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ধারার ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের পেছনে সার্বিক সহযোগিতা করছেন ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি, গজারিয়া স্পোর্টিং ক্লাবের কর্ণধার এবং আরএইচপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব মো. হানিফ মণ্ডল। তাঁর এই সহযোগিতার ফলে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। ফুটবলপ্রেমীদের আশা, এ ধরনের বড় আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকলে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং দেশের ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।