উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক বাজারের মতো দেশের বাজারেও টানা দুই দিন ধরে স্বর্ণের দাম কমানো হয়েছে। শুক্রবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়। এর আগে গত বৃহস্পতিবারও ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছিল। ফলে দুই দিনে ধাতুটির দাম কমল ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৮৪৯ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানায়, তেজাবি স্বর্ণের দাম কমায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। তবে বৈশ্বিক বাজারে স্বর্ণের দরপতনই এর মূল কারণ। শুক্রবার সকাল ১০টায় এই নতুন দর কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা হয়েছে। ২১ ক্যারেটের দাম ভরিতে ২ হাজার ১০০ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮০৮ টাকা কমে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা। স্বর্ণের পাশাপাশি কিছুটা কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ভরিতে ১৭৫ টাকা কমে ৩ হাজার ৮৪৯ টাকা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ভরিতে ১৭৫ টাকা কমে ৩ হাজার ৬৭৪ টাকা হয়েছে। স্বর্ণ ও রুপার দামের সাথে সরকার নির্ধারিত মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত রয়েছে।