উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ ওঠার পর আট মাসের বেশি পেরিয়েছে। এ ঘটনায় করা মামলার তদন্তে তাঁর ব্যবহৃত মুঠোফোনসহ সংশ্লিষ্ট ডিভাইস চেয়ে বাদীপক্ষকে অন্তত তিনবার চিঠি দিয়েছে গোয়েন্দা পুলিশ। ডিভাইস জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের অনুমতিও নেওয়া হয়েছে, তবে এখনো তা তদন্ত সংস্থার হাতে দেওয়া হয়নি।
জামায়াত আমিরের পক্ষে মামলার বাদী মো জানিয়েছেন, তাঁরা ডিভাইস দিতে অস্বীকৃতে জানাচ্ছেন না বরং এর নিরাপত্তা নিয়ে তাঁদের উদ্বেগ রয়েছে। নিজেদের উপস্থিতিতে ডিভাইস পরীক্ষা করার বিষয়ে ডিবির সঙ্গে দুবার আলোচনা হয়েছে বলে জানান তিনি। আগামী ৩ নভেম্বর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।
মামলার অন্যতম আসামি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের ব্যবহৃত ডিভাইস জব্দ করে তল্লাশি চালানো হলেও ফরেনসিক প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। ছরওয়ারে আলম শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন এবং মামলার তদন্ত দীর্ঘায়িত হওয়ায় নিজের চাকরিজীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
গত ৩১ জানুয়ারি জামায়াতের আমিরের এক্স হ্যান্ডল থেকে একটি বিতর্কিত পোস্ট দেওয়ার পর দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয় যে অ্যাকাউন্ট হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছিল এবং এ ঘটনায় রাষ্ট্রপতির কার্যালয়ের এক কর্মকর্তাসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়।