উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
শেরেবাংলা নগর থানার এসআই রিমন মিয়া জানান, রাত ১১টার দিকে আলম শেখ শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় তাকে দেখে শিশু চোর সন্দেহে স্বজনরা জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো উত্তর দিতে পারেননি। এতে ক্ষুব্ধ হয়ে তারা তাকে নিচে নামিয়ে বেধড়ক মারধর করেন, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, আলম শেখ মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং অতীতে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। রূপনগরের বাসিন্দা এই ব্যক্তির পরিচয় আঙুলের ছাপের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে শেরেবাংলা নগর থানা পুলিশ।