উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্থানীয় সরকার নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দল। রাজধানীর খিলগাঁওয়ের আল-জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় বৃহস্পতিবার এই লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকে সাতটি দলের নেতারা উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এই ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠকে ঐক্যের নীতিমালা ও কর্মপদ্ধতি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে।
বৈঠকে দলগুলো ‘সমমনা ইসলামী দল’ ব্যানারে কাজ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তবে প্রতিটি দল তাদের নিজস্ব পরিচয় বজায় রাখবে। অন্য রাজনৈতিক জোটে থাকা দলগুলোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঐকমত্য হয়নি। বিশেষ করে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট থেকে বের হওয়া নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আপত্তি জানিয়েছে।