উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের পাট খাতের উন্নয়নে আর্থিক বিনিয়োগের তুলনায় উন্নত প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার এবং চীনের জিয়াংনান ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জাহিদ হোসেন এবং চীনের পক্ষে স্বাক্ষর করেন জিয়াংনান বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক মা পিবো। মন্ত্রী জানান, বাংলাদেশের নিজস্ব বিনিয়োগ সক্ষমতা রয়েছে এবং পাটের বীজ উৎপাদন, আঁশের ফলন বৃদ্ধি ও বহুমুখী পণ্য তৈরিতে চীনের প্রযুক্তি প্রয়োজন।
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও জেডিপিসিকে জিয়াংনান ইউনিভার্সিটির গবেষণাগারের সঙ্গে সরাসরি যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। এর মাধ্যমে দুই দেশের গবেষক ও প্রযুক্তিবিদদের মাঝে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
পাটভিত্তিক বিকল্প ফাইবার, উন্নতমানের কাপড় ও বহুমুখী টেক্সটাইল পণ্য উদ্ভাবনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে দেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। গবেষণার ফল শিল্প খাতে কার্যকরভাবে প্রয়োগ করতে যৌথ গবেষণাগার প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বস্ত্র ও পাটমন্ত্রী। ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ তারিখে বাসস এ সংবাদ প্রকাশ করে।