উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার সমীকরণে আফগানিস্তানের বিপক্ষে কেবল জয় নয়, দরকার ছিল অন্তত ৪১ রানের ব্যবধানে জয়। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে পারভেজ হোসেন ইমনের দায়িত্বশীল ইনিংসে ভর করে ৪২তম ওভারে ১৬০ রানে অলআউট হয় স্বাগতিকরা। ফলে ফাইনালে যেতে হলে লাল-সবুজ প্রতিনিধিদের আফগানদের ১১৯ রানের মধ্যে অলআউট করতে হবে।
নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে ছিটকে যাওয়ায় একাদশে সুযোগ পেয়ে দলের একমাত্র স্বস্তি হয়ে ওঠেন ওপেনার ইমন। তবে শুরুতেই মাত্র ২৮ রানে শীর্ষ চার ব্যাটারকে হারিয়ে বিপদে পড়েছিল দল। দ্বিতীয় ওভারে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার দ্রুত বিদায় নেন এবং সপ্তম ওভারে পরপর দুই বলে ফেরেন নাজমুল হোসেন শান্ত (১৫) ও অধিনায়ক তাওহীদ হৃদয়; যেখানে চার ব্যাটারই শূন্য রানে ‘ডায়মন্ড’ ও ‘ডাক’ মেরে আউট হন।
শুরুর সেই ধাক্কা সামলে পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়েন ইমন ও সাইফ হাসান। এই দুই ব্যাটারের ৯৩ রানের গুরুত্বপূর্ণ জুটিতে বাংলাদেশ দলীয় শতক পার করে। সাইফ ৮২ বলে ৪১ রান করে আউট হলে এই জুটি ভেঙে যায় এবং এরপর দ্রুত সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজও।
দলের সংগ্রহ বাড়ানোর লড়াই চালিয়ে যাওয়া ওপেনার ইমন ৯৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করে রশিদ খানের শিকার হয়ে এলবিডব্লিউ হন। এরপর আর কেউ দাঁড়াতে না পারলে অল্পতেই থামে বাংলাদেশ। আফগানিস্তানের পক্ষে লেগস্পিনার রশিদ খান সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এছাড়া ইয়ামিন আহমদজাই ও আজমতউল্লাহ ওমরজাই তুলে নেন ২টি করে উইকেট।