উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত এবং ৩২ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার সকালে এক বিবৃতিতে তিনি এই মর্মান্তিক দুর্ঘটনার তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, দেশের সড়ক ও মহাসড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে নিয়মিত বিরতিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অদক্ষ চালক, মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচল বন্ধ এবং সড়ক সিন্ডিকেট ভাঙতে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবিও জানান তিনি।