উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্যান্সার ও কিডনি রোগসহ সাতটি জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের এককালীন এক লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন এ কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরে মোট ৬৫ হাজার রোগীকে সহায়তা দেওয়া হবে। এই খাতে চলতি অর্থবছরে মোট ৬৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সরকারের এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত সাতটি রোগ হলো ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়া। চূড়ান্তভাবে মনোনীত প্রতিটি রোগী চিকিৎসার জন্য এককালীন এক লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন। নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি একই অর্থবছরে একবার এবং সারা জীবনে সর্বোচ্চ তিনবার এই অনুদান নিতে পারবেন।
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং রোগী নির্বাচনের ক্ষেত্রে দরিদ্র ও অসচ্ছল ব্যক্তিদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। যাঁদের জরুরি চিকিৎসা প্রয়োজন, জীবন সংকটাপন্ন এবং যাঁরা প্রতিবন্ধী, শিশু, নারী বা বয়স্ক, তাঁরা এই সহায়তায় অগ্রাধিকার পাবেন। অনলাইনে আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজপত্রের কপি প্রস্তুত রাখতে হবে।
রোগী নিজে অথবা তাঁর পরিবারের সদস্য, অভিভাবক কিংবা আইনগত প্রতিনিধি সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে আবেদনে অসত্য তথ্য, ভুয়া সনদপত্র জমা দিলে বা আগে থেকেই সরকারি সহায়তা পেয়ে থাকলে তা বাতিল করবে কর্তৃপক্ষ। ২০১৩-১৪ অর্থবছরে ৫৬১ জন রোগীকে নিয়ে শুরু হওয়া এই কর্মসূচির পরিধি ধাপে ধাপে বাড়িয়ে এখন বড় পরিসরে বাস্তবায়ন করা হচ্ছে।