উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
৪৫তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া প্রার্থীদের নাম সংযুক্ত করে আবার গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বঞ্চিত প্রার্থীদের মধ্যে মোহাম্মদ হাবিবুল ইসলাম নামের এক প্রার্থী আমরণ অনশন শুরু করেছেন। আজ বুধবার বেলা সাড়ে তিনটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়।
নিজের নাগরিক অধিকার ও গেজেট থেকে বাদ পড়ার কারণ জানতে চেয়ে হাবিবুল ইসলাম বলেন, একজন নাগরিক হিসেবে সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে তাঁর সাংবিধানিক অধিকার রয়েছে। তিনি কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন এবং কোনো ফৌজদারি মামলার আসামিও নন। স্বরাষ্ট্রমন্ত্রী ১ অক্টোবর ঘোষণা দিয়েছিলেন সরকারি চাকরির ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা করা হবে না, অথচ রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও অনেকে বাদ পড়েছেন।
৪৫তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেটে নাম না আসায় হতাশা প্রকাশ করেছেন চিকিৎসক সুব্রত তালুকদার। তিনি জানান, গেজেটে নাম এলে উপজেলা পর্যায়ে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগ পেতেন এবং দুর্গোৎসবেও বাড়ি যেতে না পেরে তাঁকে ঢাকায় অবস্থান করতে হচ্ছে। স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আরেক প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম সিরাজ বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ন্যায্য অধিকার নিশ্চিত করা উচিত এবং জুলাই আন্দোলনের পর তাঁরা সরকারের মানবিক সিদ্ধান্ত চান।
মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেট থেকে বাদ পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একরাম গাজী হৃদয়। তিনি বলেন, বঞ্চিত প্রার্থীদের মধ্যে যাঁদের বিরুদ্ধে কোনো মামলা বা অপরাধে জড়িত থাকার প্রমাণ নেই, তাঁদের বিষয়ে আবার তদন্ত করে গেজেটে অন্তর্ভুক্ত করা হোক। রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেই কেউ অপরাধী হয়ে যান না বলে মন্তব্য করেন তিনি।