উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উপকূলীয় সুরক্ষায় আন্তর্জাতিক অর্থায়ন বাড়লেও প্রয়োজনের তুলনায় তা এখনো যথেষ্ট নয়। এডিবির প্রতিবেদন অনুসারে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপকূলীয় অর্থনীতিগুলোতে আন্তর্জাতিক অভিযোজন অর্থায়ন ২০১৫ সালে প্রায় ৫ বিলিয়ন ডলার ছিল। ২০২২ ও ২০২৩ সালে তা বেড়ে বছরে গড়ে ১১.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। কিন্তু অর্থায়ন প্রায় দ্বিগুণ হলেও বড় ঘাটতি রয়ে গেছে।
বুধবার প্রকাশিত এশিয়া-প্যাসিফিক ক্লাইমেট রিপোর্ট ২০২৬ প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান প্রাকৃতিক বিপদের মুখে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপকূলীয় এলাকাগুলো ঝুঁকির মুখে পড়ছে। উপকূলীয় বন্যার ক্ষয়ক্ষতি বর্তমান মাত্রার কাছাকাছি রাখতে বছরে ৯ থেকে ১৯ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন। সেই বিনিয়োগে প্রতিবছর ১৭৮ থেকে ৩৬০ বিলিয়ন ডলারের বন্যার ক্ষতি এড়ানো সম্ভব।
এডিবির উপকূলবর্তী উন্নয়নশীল সদস্য দেশগুলোতে ৪০ কোটিরও বেশি মানুষ সমুদ্র থেকে ১০ কিলোমিটারের মধ্যে বসবাস করেন। ব্যাংকক, জাকার্তা, কলকাতা ও মুম্বাইয়ের মতো শহরগুলোতে যে ধরনের উপকূলীয় বন্যা ঐতিহাসিকভাবে এক শ’ বছরে একবার ঘটত, তা এই শতাব্দীর শেষ নাগাদ প্রতিবছর ঘটতে পারে। এডিবির জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিভাগের মহাপরিচালক ইয়েভজেনি ঝুকভ বলেন, উপকূলীয় অঞ্চলগুলো প্রবৃদ্ধির উপেক্ষিত চালিকাশক্তি হলেও বিপদের মুখে পিছিয়ে পড়ছে।
প্রতিবেদনে সরকারগুলোর জন্য চারটি পদক্ষেপের সুপারিশ করা হয়েছে যার মধ্যে রয়েছে উন্নয়ন পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় জলবায়ু অভিযোজনকে মূলধারায় নিয়ে আসা এবং প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা। এডিবির মতে, উপকূলীয় অভিযোজন পরিকল্পনায় স্বল্পমেয়াদি পদক্ষেপের সাথে দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যকে যুক্ত করতে হবে। একইসাথে পরিস্থিতি ও ঝুঁকির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নীতি ও পরিকল্পনা সংশোধনের সুযোগও রাখতে হবে।