উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিরাজগঞ্জ সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-১২। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি গ্রাম সংলগ্ন পাকা রাস্তায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নারীর নাম মোছাঃ শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০), যার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সোনাপুর এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, দীর্ঘ দিন ধরে জয়পুরহাট সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে তিনি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।
বুধবার সকালে এসআরবি-১২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফাহাদুজ্জামান আকন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।