উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অর্থপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধে দেশের বীমা কোম্পানিগুলোকে নতুন ও কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সোমবার ১৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে, যার আওতায় প্রতিটি প্রতিষ্ঠানে কেন্দ্রীয় কমপ্লায়েন্স ইউনিট গঠন বাধ্যতামূলক করা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ও বিদ্যমান আইন বিবেচনায় নিয়ে প্রতিটি বীমা কোম্পানিকে নিজস্ব নীতিমালা তৈরি করতে হবে এবং তা পর্ষদ কর্তৃক অনুমোদিত হতে হবে।
প্রতিটি বীমা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে একজন জ্যেষ্ঠ কর্মকর্তার নেতৃত্বে গঠিত হবে কেন্দ্রীয় কমপ্লায়েন্স ইউনিট, যার প্রধান হবেন প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা। এই ইউনিট প্রতিষ্ঠানের মানিলন্ডারিং প্রতিরোধ কার্যক্রম তদারকি করবে এবং প্রতি বছরের ফেব্রুয়ারির মধ্যে বিএফআইইউর কাছে প্রতিবেদন পাঠাবে। এছাড়া শাখা, অ্যাজেন্সি ও ইউনিটগুলোর জন্যও একই নীতিমালা প্রণয়ন করে গ্রাহক শনাক্তকরণ ও আধুনিক ইলেকট্রনিক কেওয়াইসি প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হবে।
বেনামি বা ছদ্মনামের অ্যাকাউন্টের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং উচ্চ-ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য অতিরিক্ত নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংকিং বা এমএফএস ছাড়া একদিনে ১০ লাখ টাকা বা তার বেশি নগদ লেনদেনের তথ্য পরের মাসের প্রথম সাত কার্যদিবসের মধ্যে বিএফআইইউকে জানাতে হবে। পলিসি বন্ধ বা দাবি নিষ্পত্তির পর কেওয়াইসি নথি ও লেনদেনের রেকর্ড ন্যূনতম পাঁচ বছর সংরক্ষণ করতে হবে।
মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং দেশের সব বিমা প্রতিষ্ঠানকে তা যথাযথভাবে পরিপালন করতে বলা হয়েছে। প্রধান নির্বাহীর পর্যবেক্ষণসহ প্রতিবেদনটি পর্ষদে উপস্থাপন এবং উদ্দেশ্যহীন বা অস্বাভাবিক লেনদেনের বিষয়ে কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।