উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বর্তমান সরকার অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউয়ে বিএনপির এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতা–কর্মীদের এই বার্তা দেন। সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের সাড়ে ৪০০ নেতা–কর্মী অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে যে প্রার্থীর গ্রহণযোগ্যতা আছে এবং জনগণের ভোটে জয়ী হবেন, এমন প্রার্থীকে বেছে নেওয়ার নির্দেশ দেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য নেতা–কর্মীদের আহ্বান জানান তিনি। সবাই যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে ৫০ ভাগ অপরাধ কমে যাবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সভায় উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতের গুজব মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে সামরিক বিমানযোগে রাজশাহী থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। রাতে তিনি চট্টগ্রাম ছেড়ে যান এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি ছিল তাঁর দ্বিতীয় চট্টগ্রাম সফর।