উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজের প্রচলন আগের তুলনায় কমে গেলেও এমন সিরিজে শিরোপা জয়ের স্মৃতি রয়েছে বাংলাদেশের। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ১৫টি ত্রিদেশীয় সিরিজ খেলে একবারই শিরোপা জিতেছে টাইগাররা। এবার আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে লিটন দাসের দল, যে সিরিজে অন্য দলটি হলো আফগানিস্তান।
দলের লক্ষ্য নিয়ে অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে শিরোপা জেতা সম্ভব এবং দলে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই। লিটন বলেন, আপনি যদি দেখেন, এই দল অনেক ভালো ভালো সিরিজ খেলেছে, বিশেষ করে ঘরের মাঠে। আমার কাছে মনে হয়, এই দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। আর আমরা যারা সিনিয়র আছি, তারা যদি সেরা ক্রিকেটটা খেলতে পারি, তাহলে সবকিছু সম্ভব।
সামনেই এশিয়া কাপ আসায় এই ত্রিদেশীয় সিরিজকে নিজেদের প্রস্তুত করার বড় সুযোগ হিসেবে দেখছেন লিটন। বাংলাদেশ অধিনায়ক বলেন, সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ আছে এবং এশিয়া কাপ বাংলাদেশে হবে, যা আমাদের জন্য ভালো প্রস্তুতি হবে। যদি ভালো ক্রিকেট খেলি, তাহলে কেন নয় চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ? তবে এই টুর্নামেন্টে প্রতিটি দলের ফাইনালে ওঠার লক্ষ্য থাকায় বাড়তি চাপ থাকে এবং একটি ম্যাচে হেরে গেলে রানরেটের হিসাবও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
সব মিলিয়ে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে শিরোপা জিততে চায় বাংলাদেশ। একই সঙ্গে এশিয়া কাপের আগে দলের সমন্বয় ও আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই থাকবে লিটনদের মূল লক্ষ্য।