উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ব্যাংকের এক গবেষণায় প্রকাশ পেয়েছে যে, ডিজিটাল লেনদেনের তুলনায় নগদ লেনদেনে খরচ প্রায় ২৮ গুণ বেশি। ২০২৩ সালে দেশে নগদ লেনদেনের বার্ষিক ব্যয় ছিল প্রায় এক লাখ ৭০ হাজার কোটি টাকা, যা ওই বছরের জিডিপির তিন দশমিক ২৪ শতাংশ। অন্যদিকে ডিজিটাল লেনদেন ব্যবস্থার বার্ষিক ব্যয় ছিল পাঁচ হাজার ৯৬৪ কোটি টাকা, যা জিডিপির মাত্র শূন্য দশমিক ১১ শতাংশ।
গবেষণার তথ্য অনুযায়ী, মাথাপিছু হিসাবে বছরে নগদ লেনদেনের ব্যয় নয় হাজার ৯৩৮ টাকা এবং ডিজিটাল লেনদেনে এই ব্যয় মাত্র ৩৪৮ টাকা। ছায়া অর্থনীতির কারণে বছরে সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ ৯৩ হাজার ৩০০ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। রাজস্ব হারানোর এই ব্যয় হিসাবের বাইরে রাখলেও নগদ লেনদেনের ব্যয় ডিজিটাল লেনদেনের তুলনায় প্রায় ১২ গুণ বেশি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম জানান, নগদ অর্থ ব্যবস্থাপনার সঙ্গে উল্লেখযোগ্য ব্যয় জড়িত রয়েছে এবং ডিজিটাল লেনদেন বাড়লে ব্যাংক নোট ছাপানো ও পরিবহনের খরচ কমবে। তবে ব্যবসায়ীদের বেশি মাশুল, ইন্টারনেট সংযোগের অনির্ভরযোগ্যতা এবং প্রতারণার আশঙ্কার মতো কিছু চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংক বাংলা কিউআর লেনদেনে ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি শূন্য শতাংশ নির্ধারণ করেছে।
নগদ ও ডিজিটাল লেনদেনের ব্যয় মূল্যায়নে ডেস্কভিত্তিক গবেষণা, নীতিমালা পর্যালোচনা এবং ২১টি সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। দেশের লেনদেন ব্যবস্থায় এখনো ৮০ শতাংশের বেশি লেনদেন নগদে সম্পন্ন হয় বলে গবেষণায় উঠে এসেছে। অর্থনীতিতে ব্যয় সাশ্রয় করতে হলে ডিজিটাল লেনদেনকে সহজলভ্য, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য করে তুলতে হবে।