উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বগুড়ায় ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম এলাকার শ্রীরামকৃষ্ণ আশ্রমে এ পূজার আয়োজন করা হয়। পূজা দেখতে আশ্রমে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের পাশাপাশি অন্য ধর্মের মানুষও।
এ বছর কুমারী হিসেবে পূজা করা হয় ৬ বছর বয়সী রূপকথা সাহাকে। মাতৃভাবের পবিত্রতার প্রতীক হিসেবে তাকে দেবীর আসনে বসিয়ে উমা রুপে পূজা করেন ভক্তরা। আশ্রমের পুরোহিত বাসুদেব ব্যানার্জী জানান, কুমারী আদ্যাশক্তি মহামায়ার প্রতীক এবং নারীর মর্যাদার কথা ভেবেই এর আয়োজন।
বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর জেলার ১২টি উপজেলায় ৭৩১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে প্রশাসন ও মন্দির কমিটির পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে এবং আগামী বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব শেষ হবে।