উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাটির উর্বরতা বৃদ্ধি ও রাসায়নিক সারের নির্ভরতা কমাতে কৃষি বর্জ্য থেকে তৈরি ‘বায়োচার’ ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছেন কৃষি বিজ্ঞানীরা। রোববার রাজধানীর বিএআরসি অডিটোরিয়ামে আয়োজিত এক জাতীয় কর্মশালায় জানানো হয়, এই প্রযুক্তি ব্যবহারে ভুট্টার ফলন ২৯ শতাংশ এবং ধানের ফলন ২১ থেকে ২৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি সম্ভব।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মফিজুর রহমান জাহাঙ্গীর জানান, বায়োচার ব্যবহারে মাটির পানি ধারণক্ষমতা ১৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এটি মাটির অম্লতা কমায় এবং পুষ্টি উপাদানের কার্যকারিতা বৃদ্ধি করে। তবে সুফল পেতে কাঁচা বায়োচার সরাসরি প্রয়োগ না করে জৈব সারের সাথে মিশিয়ে ব্যবহারের পরামর্শ দেন তিনি।
কর্মশালায় বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. মো: আব্দুছ ছালাম বলেন, বায়োচার ব্যবহারে ইউরিয়া সারের প্রয়োজন ২৫ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। এতে সরকারের বড় অংকের অর্থ সাশ্রয় হবে। তবে বাজারে প্রচলিত যেকোনো বায়োচার ব্যবহারের আগে তার মানদণ্ড ও বিশুদ্ধতা যাচাই করা জরুরি বলে তিনি সতর্ক করেন।
বারি মহাপরিচালক ড. মোহাম্মদ মনজুরুল কাদির ভুট্টার মোচা ও শুকনো গাছকে বায়োচারের কাঁচামাল হিসেবে ব্যবহারের প্রস্তাব দেন। বিজ্ঞানীরা মনে করেন, এই প্রযুক্তির প্রসারে দীর্ঘমেয়াদি গবেষণা, জাতীয় নীতিমালা প্রণয়ন এবং কৃষকদের জন্য সরকারি ভর্তুকি নিশ্চিত করা প্রয়োজন।