উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালীর সেনবাগ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে একটি বিশেষ নিরাপত্তা ও তদারকি কমিটি গঠন করা হয়েছে। উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়নের কুতুব্বের হাট ও আইছেরটেক সংলগ্ন পূজামণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত এই সরকারি নির্দেশনা জারি করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রকাশিত আদেশ অনুযায়ী, ৯ নং নবীপুর ইউনিয়নের সার্বিক মণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সেনবাগ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুর রহমানকে কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে নোয়াখালী সেনবাগ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার সাহা এবং ৯ নং নবীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হাসানকে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আরও রয়েছেন কুতুবেরহাট ইউনিয়ন ভূমি কর্মকর্তা নুর আহমদ, বিশিষ্ট সমাজসেবক আমিন উল্যাহ বিএসসি এবং বিশিষ্ট সমাজসেবক মাস্টার খায়ের উল্যাহ আজাদ। ইতিমধ্যে কুতুব্বের হাট ও আইছেরটেক এলাকার দেবিসিংহপুর গ্রামের আইচ বাড়ীতে ‘ভগবতী সংঘ’-এর আয়োজনে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি চলছে। উপজেলা প্রশাসনের এমন তৎপরতায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং নিরাপদ পরিবেশে উৎসব সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করছেন।