উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানুষের পক্ষে বিভিন্ন চুক্তি সম্পাদনে দর-কষাকষি করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্টকে দক্ষ করে তুলতে কাজ করছে অ্যানথ্রপিক। ক্লায়েন্টের পক্ষে আলোচনার সময় মানব আইনজীবীরা কীভাবে পেশাদারিত্ব বজায় রাখেন, তা বুঝতে বিভিন্ন আইন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি, এআই এজেন্টকে কতটুকু সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া উচিত এবং কোন পরিস্থিতিতে ব্যবহারকারীর প্রত্যক্ষ নির্দেশনা প্রয়োজন, তা নিয়েও পর্যালোচনা চলছে।
ব্যবহারকারীর পক্ষে এআই এজেন্ট কীভাবে কাজ করবে তার একটি উদাহরণ হলো সর্বনিম্ন দামে ল্যাপটপ কেনা। সেক্ষেত্রে এজেন্টটি কেবল বিভিন্ন বিক্রেতার দাম তুলি করেই থেমে থাকবে না, বরং বিক্রেতার এআই এজেন্টের সঙ্গে যোগাযোগ করে আরও সাশ্রয়ী প্রস্তাব আদায়ের চেষ্টা করবে। একইভাবে বাড়িভাড়ার চুক্তি, গ্রাহকসেবা সংক্রান্ত বিরোধ এবং চাকরির চুক্তির ক্ষেত্রেও এ প্রযুক্তি ব্যবহার করা সম্ভব বলে জানানো হয়েছে।
তবে এই প্রক্রিয়ায় কিছু জটিলতা রয়েছে কারণ ক্রেতা ও বিক্রেতার এজেন্টের লক্ষ্য পরস্পরবিরোধী হতে পারে। এ ধরনের পরিস্থিতি সামাল দিতে দর-কষাকষির সর্বজনীন নিয়মকানুন তৈরির কথা ভাবছে অ্যানথ্রপিক। গত সেপ্টেম্বরে প্রকাশিত এক ব্লগ পোস্টে অ্যানথ্রপিক জানায়, বাস্তব পরিস্থিতির আদলে তৈরি অনুশীলনে তারা এআই এজেন্টের কার্যকারিতা পরীক্ষা করেছে।
শুধু অ্যানথ্রপিক নয়, হার্ভার্ড বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক মিশেল ভাকারো চাকরির প্রস্তাব ও বাড়িভাড়ার চুক্তির মতো বিষয়ে এআই এজেন্টগুলোর ১ লাখ ৮০ হাজারের বেশি দর-কষাকষির ঘটনা বিশ্লেষণ করেছেন। গবেষণায় দেখা গেছে, এক এজেন্ট অন্য এজেন্টকে বিভ্রান্ত করতে গোপন তথ্য বের করে আনতে কৌশল ব্যবহার করতে পারে। এতে তথ্য সুরক্ষা ও বৈষম্য বাড়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।