উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ঘিরে অনলাইনে মাদক বিক্রির একটি চক্রের সন্ধান পাওয়ার দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটি বলছে, এই চক্রের রয়েছে ওয়েবসাইট ও গোপন টেলিগ্রাম গ্রুপ, যেখান থেকে সহজেই কুশ ও সিনথেটিক গাঁজা সরবরাহ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চক্রের সদস্যরা ক্যাম্পাসে ঘুরে ঘুরে মাদক সেবনকারী শিক্ষার্থীদের মধ্যে কি কিউআর কোড সংবলিত ভিজিটিং কার্ড বিতরণ করেন। ওই কোড স্ক্যান করে ওয়েবসাইটে ঢোকার পর আগ্রহী ক্রেতাদের একটি গোপন টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়।
সম্প্রতি রাজধানীর ভাটারার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ সাইম ইসলাম নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে অধিদপ্তর। জিজ্ঞাসাবাদে তিনি জানান, দুই মাস আগে তিনি ওয়েবসাইট তৈরি করেন এবং তাঁর টেলিগ্রাম গ্রুপে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ জন শিক্ষার্থী যুক্ত আছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান জানান, মাদক ব্যবসায়ীরা প্রযুক্তি ব্যবহার করে নতুন কৌশলে মাদক বিক্রির চেষ্টা করছেন। সাইবার প্যাট্রোলিংয়ের মাধ্যমে এ ধরনের কার্যক্রম শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।