উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সম্মেলন ‘আশাবাদ ও উদ্বেগ’—উভয় অনুভূতির মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। সমাপনী পর্বে আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যবৃদ্ধির ধাক্কায় বিপর্যস্ত নিম্ন আয়ের দেশগুলোকে সহায়তা করা তাদের দায়িত্ব।
বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই সম্মেলনে মূল্যস্ফীতি, বন্ডের সুদের হার বৃদ্ধি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আলোচনা হয়। সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জর্জিয়েভা বলেন, বিশ্ব অর্থনীতির স্থিতিস্থাপকতা, এশিয়ার গতিশীলতা এবং এআইয়ের সম্ভাবনা আশাবাদ জাগালেও মূল্যস্ফীতি, উচ্চ ঋণ, যুদ্ধ ও জলবায়ু ঝুঁকি গভীর উদ্বেগের কারণ।
সম্মেলনে এআই প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ ও সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। স্বয়ংক্রিয় এআই এজেন্টের সাম্প্রতিক নিরাপত্তা লঙ্ঘনের পর বিষয়টি নিয়ে ব্যাংককে সরকার ও এআই কোম্পানিগুলোর সহযোগিতাকে ইতিবাচক হিসেবে দেখেন তিনি। তবে প্রবৃদ্ধির বিষয়ে সতর্ক করে জর্জিয়েভা বলেন, কোনো নির্দিষ্ট চালিকাশক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণ এবং তা এক পায়ে দাঁড়িয়ে থাকার মতো।
আইএমএফ সতর্ক করেছে, উন্নত দেশগুলোর ঋণের উচ্চ মাত্রা ও বন্ডের সুদের হার বিশ্ব আর্থিক পরিস্থিতিকে আরও কঠিন করছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হয় ও জ্বালানির দাম বাড়ে। এই সংকটময় পরিস্থিতিতে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন জর্জিয়েভা।