উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশ বাহিনীর সদস্যরা তাদের বেতন-ভাতা বৃদ্ধি ও জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন। এ লক্ষ্যে বাংলাদেশ গ্রামপুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের নেতারা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন।
স্মারকলিপিতে জানানো হয়েছে, বর্তমানে একজন মহল্লাদার মাসিক ৭ হাজার ৫০০ টাকা এবং একজন দফাদার ৮ হাজার টাকা বেতন পান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই সীমিত আয়ে পরিবার নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে বলে দাবি করেছেন তারা।
দফাদারদের ১৯তম এবং মহল্লাদারদের ২০তম গ্রেডে বেতন প্রদানের দাবি জানানো হয়েছে। এছাড়া দীর্ঘদিনের বঞ্চনা দূর করে সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামপুলিশ বাহিনীর সদস্যরা।