উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার আশাপুর বাজারসংলগ্ন মাঠে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা। আশাপুর, সড়কঘাটা ও চরবিনোড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বীর সিংজুরী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বড়টিয়া সোনালী ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এই ফাইনাল খেলাটি দেখতে মাঠে শত শত দর্শকের সমাগম ঘটে। টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা কৃষকদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মাসুদুর রহমান এবং উদ্বোধন করেন সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আহসান রহমান মিঠু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ার। এ সময় তিনি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ৩২ ইঞ্চি ও ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে তুলে দেন।
সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।