উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি বছর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪২ জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে নতুন করে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মোট সংখ্যা ১ লাখ ১০ হাজার ৩১২ জনে পৌঁছেছে।
অক্টোবরের প্রথম ১৬ দিনেই ৯৭ জনের মৃত্যু হয়েছে, যা উদ্বেগজনক। তবে স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৯১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এবং এ পর্যন্ত মোট ১ লাখ ৪ হাজার ৪৯১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬০ জন, খুলনায় ২৩৩ জন, বরিশালে ১৯০ জন, রাজশাহীতে ১৭৩ জন, ময়মনসিংহে ৬৭ জন এবং রংপুরে ৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।