উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসায় ব্যবহৃত জনপ্রিয় ওজন কমানোর ওষুধ পুরুষের প্রজননক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা পর্যালোচনায় দেখা গেছে, এসব ওষুধ ব্যবহারের ফলে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধির পাশাপাশি শুক্রাণুর গুণগত মানের উল্লেখযোগ্য উন্নতি হতে পারে।
যুক্তরাজ্যের ওয়ারউইক মেডিকেল স্কুলের গবেষকেরা জিএলপি-১ শ্রেণির ওষুধ নিয়ে পূর্বে পরিচালিত ৫টি ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য গভীরভাবে বিশ্লেষণ করেন। এতে দেখা যায়, অতিরিক্ত ওজন ও টেস্টোস্টেরনের ঘাটতিতে ভোগা পুরুষদের ক্ষেত্রে এই ওষুধ প্রজনন হরমোন এবং শুক্রাণুর ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছে।
গবেষণার তথ্যানুযায়ী, ৩০ জন পুরুষের ওপর চালানো ১৬ দিনের একটি পরীক্ষায় জিএলপি-১ ওষুধ হরমোনের মাত্রা বাড়াতে সক্ষম হয়েছে। অন্যদিকে, ২৫ জন পুরুষকে নিয়ে করা ২৪ সপ্তাহের অপর একটি পরীক্ষায় এই ওষুধ গ্রহণকারীদের শুক্রাণুর গুণগত মান দ্বিগুণেরও বেশি বেড়েছে। সেখানে স্বাভাবিক আকৃতির শুক্রাণুর অনুপাত ২ শতাংশ থেকে বেড়ে ৪ শতাংশে উন্নীত হয়।
তবে গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এখনো পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কেবল প্রজননক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এই ওষুধ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। পুরুষের প্রজননস্বাস্থ্যের ওপর এসব ওষুধের সুনির্দিষ্ট প্রভাব নির্ধারণে আরও বড় পরিসরে ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন।