উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগে এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৩৫ জন হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ৮৫ জনের শরীরে সরাসরি হাম শনাক্ত হয়েছে এবং ৯৫০ জনের মধ্যে রোগের উপসর্গ পাওয়া গেছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামে ১০৪ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৫৭ জন এবং উপসর্গযুক্ত রোগীর সংখ্যা ২ লাখ ১১ হাজার ৯৯০ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি প্রাথমিক লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।