উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর অংশ হিসেবে বিমানবন্দরের ৮টি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে।
নতুন এই ব্যবস্থার ফলে যাত্রীরা এখন উড়োজাহাজ থেকে লাগেজ নামানো থেকে শুরু করে বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সরাসরি মনিটরে দেখতে পারবেন। এতে যাত্রীরা নিজেদের লাগেজের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এবং লাগেজ সংগ্রহের বিভিন্ন ধাপ সম্পর্কে জানতে পারবেন।
বেবিচকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবাসীসহ সব যাত্রীর ভ্রমণ অভিজ্ঞতা নির্বিঘ্ন করতেই এই প্রযুক্তিনির্ভর সেবা চালু করা হয়েছে। মূলত লাগেজ ব্যবস্থাপনায় দক্ষতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি যাত্রী হয়রানি ও মালামাল চুরি সংক্রান্ত অভিযোগ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।