উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আজ শনিবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্ণ হয়েছে। রাষ্ট্রের কাঠামোগত সংস্কারে রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে এই সনদ তৈরি করা হয়েছিল। তবে এক বছরের মাথায় এসে সনদ বাস্তবায়নের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় বিভাজন দেখা দিয়েছে।
জুলাই সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করছে না বিএনপি। তারা একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করলেও বিরোধী দল সেটি প্রত্যাখ্যান করেছে। বিরোধী দল গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে।
বিশেষ কমিটি আশা করছে শেষ পর্যন্ত বিরোধী দল সংসদে অংশ নেবে। গত ২০ সেপ্টেম্বর ২৬টি দল ও জোটকে আমন্ত্রণ জানালেও জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১টি দল সাড়া দেয়নি। আগামী জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল সংসদে তোলার সম্ভাবনা আছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রকাঠামোর সংস্কার আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। পরে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আট মাসের আলোচনায় ৩০টি দলের অংশগ্রহণে জুলাই জাতীয় সনদ তৈরি হয়। সনদে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব ও ৭ দফা অঙ্গীকারনামা রয়েছে।
গত বছরের ১৭ অক্টোবর ২৪টি দল সনদের অঙ্গীকারনামায় সই করে। পরে গণফোরাম এবং চলতি বছরের ১২ ফেব্রুয়ারি এনসিপি সই করে। তবে সনদের অনেক প্রস্তাবে দলগুলোর ভিন্নমত বা নোট অব ডিসেন্ট রয়েছে, যা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে টানাপোড়েন তৈরি করেছে।
সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ শুধু রাজনৈতিক সমঝোতা নয়, গণভোটের মাধ্যমে জনগণের সমর্থনও পেয়েছে। কোনো দল সে জায়গা থেকে সরে আসলে তা অঙ্গীকারের ব্যত্যয় বলে তিনি মন্তব্য করেছেন।