উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনার চাটমোহরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। বুধবার ১৬ অক্টোবর সকালে পৌর সদরের জিরো পয়েন্টে সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলামের নিজ বাসভবনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্যের ছেলে ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কে এম সাঈদ উল ইসলাম কাফির আয়োজনে এই সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে ৫০০ জন অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে শারদীয় উপহার হিসেবে ৫০০টি শাড়ি বিতরণ করা হয়। উপহার বিতরণ উপলক্ষে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবুর সঞ্চালনায় সভায় অতিথিরা বক্তব্য রাখেন।
সভায় বক্তব্য দেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, এমপি পুত্র কে এম সাঈদ উল ইসলাম কাফি এবং পূজা উদযাপন পরিষদ ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাটমোহর উপজেলা শাখার সভাপতি অশোক চক্রবর্তী ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের নেতাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আয়োজক কে এম সাঈদ উল ইসলাম কাফি জানান, পৌর সদরের ৫০০ অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে শারদীয় দুর্গোৎসবের উপহার হিসেবে ৫০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই উপহার সামগ্রী গ্রহণ করেন দুর্গোৎসবে অংশ নিতে যাওয়া দুস্থ মানুষেরা। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসবকে আনন্দদায়ক করতেই এমন উদ্যোগ নেওয়া হয় বলে জানানো হয়।