উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও আনুষ্ঠানিকভাবে অবসর নেননি সাবেক অধিনায়ক জাহানারা আলম। লাল-সবুজের জার্সিতে শেষবারের মতো মাঠে নামার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে তার। প্রায় দুই বছর আগে মানসিক স্বাস্থ্যের কথা জানিয়ে দল থেকে সরে দাঁড়ানোর পর তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান।
অস্ট্রেলিয়ায় ক্লাব ক্রিকেট খেলে যাওয়া এই পেসার গত বছরের ডিসেম্বরে নিজের সঙ্গে ঘটে যাওয়া মানসিক ও যৌন হয়রানির ঘটনা প্রকাশ্যে আনেন। এক বছর না পেরোতেই এবার নতুন বোর্ডের কাছে জাতীয় দলে ফিরে দেশের হয়ে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।
জাহানারার জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রসঙ্গে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানান, বোর্ডকে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। তবে খেলতে হলে তাকে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে, যার মধ্যে রয়েছে ঘরোয়া ক্রিকেটে খেলা এবং ফিটনেস পরীক্ষায় পাস করা।
নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেন, জাহানারা ফিরতে চাইলে তাদের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হবে। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলায় তাকে ফিটনেস ও স্কিল টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করতে হবে। বিসিবি তাকে উপযুক্ত দলে সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে।