উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কিশোরগঞ্জের কটিয়াদীতে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বসেছে ঐতিহ্যবাহী ঢাকের হাট। এটি এমন এক হাট যেখানে পণ্য নয়, বরং বিক্রি হয় ঢাকি ও বাদ্যযন্ত্রশিল্পীদের শ্রম, সময় ও দক্ষতা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই হাট শুক্রবার রাত পর্যন্ত স্থায়ী হবে।
প্রায় ৫০০ বছরের পুরনো এই হাটের উৎপত্তি নিয়ে বিভিন্ন জনশ্রুতি রয়েছে। স্থানীয়দের মতে, ষোড়শ শতাব্দীতে চারিপাড়া গ্রামের রাজা নবরঙ্গ রায় তার প্রাসাদে দুর্গাপূজার জন্য দক্ষ ঢাকি নির্বাচনের উদ্দেশ্যে এই হাটের সূচনা করেছিলেন। বর্তমানে কটিয়াদী পৌরসভার পুরানবাজার এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মাঠসংলগ্ন স্থানে এই হাট অনুষ্ঠিত হচ্ছে।
হাটটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক ঢাকি ও বাদ্যযন্ত্রশিল্পী সমবেত হয়েছেন। পূজার আয়োজকরা শিল্পীদের বাজনা শুনে তাদের দক্ষতা যাচাই করে পছন্দমতো দলের সঙ্গে চুক্তি করছেন। কটিয়াদী পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, দলের সদস্যসংখ্যা ও বাজনার মান অনুযায়ী এবার পাঁচ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে।
ঢাকিদের পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন বলেন, হাটের পরিবেশ উন্নয়ন ও শিল্পীদের জন্য শৌচাগার ও থাকার শেড নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।