উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর পিস স্টাডিজের আয়োজনে সম্প্রতি এক বিশেষ বক্তৃতা অনুষ্ঠানে বক্তারা জানিয়েছেন, কর্মক্ষেত্র ও পারিবারিক জীবনে সুস্থ যোগাযোগ এবং দ্বন্দ্ব নিরসনে আবেগীয় বুদ্ধিমত্তা অপরিহার্য। পেশাগত দক্ষতার পাশাপাশি নিজের আবেগ নিয়ন্ত্রণ ও অন্যের আচরণ বোঝার সক্ষমতা ব্যক্তিগত ও পেশাগত সাফল্যের চাবিকাঠি।
‘তরুণ পেশাজীবীদের পরিবার, কর্মজীবন ও আন্তব্যক্তিক সম্পর্ক পুনর্গঠনে আবেগীয় বুদ্ধিমত্তা’ শীর্ষক এই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান। তিনি বলেন, নেতৃত্বের ক্ষেত্রে নিজের আবেগ সংযত রাখা এবং অন্যদের সঙ্গে যোগাযোগের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সফল নেতা কেবল অনুসারী তৈরি করেন না, বরং নতুন নেতৃত্ব গড়ে তোলেন।
অনুষ্ঠানে অধ্যাপক এম জসিম উদ্দিন বলেন, শান্তি কেবল রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর সূচনা হয় ব্যক্তি, পরিবার ও সমাজ থেকে। তাই দৈনন্দিন জীবনে মানুষের আচরণ বোঝা এবং দ্বন্দ্ব নিরসনের মানসিকতা তৈরি করা জরুরি। পারিবারিক বন্ধন অটুট রাখতেও আবেগীয় বুদ্ধিমত্তার কোনো বিকল্প নেই বলে তিনি মত দেন।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ নিজের নেতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের আবেগীয় বুদ্ধিমত্তা বিষয়ক বই পড়ার পরামর্শ দেন। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হওয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।