উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আইপিএলে এবার নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংকে। দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। মঙ্গলবার ১৩ অক্টোবর গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন আইপিএলে কাটালেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে কোচিংয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন যুবরাজ।
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুবরাজের পুরোনো সম্পর্ক রয়েছে। ২০১৫ সালের আইপিএলে ১৬ কোটি রুপিতে তাঁকে দলে নিয়েছিল দিল্লি। সে সময় এটি ছিল টুর্নামেন্টের ইতিহাসে কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার সর্বোচ্চ মূল্য। দীর্ঘ বিরতির পর এবার সেই পুরোনো ফ্র্যাঞ্চাইজিতেই কোচ হিসেবে ফিরছেন তিনি।
এই নিয়োগের মধ্য দিয়ে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে আবারও কাজ করার সুযোগ পাচ্ছেন যুবরাজ। সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সৌরভ। সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে যুবরাজ আরও বলেন, দাদার সঙ্গে এবার কোচ হিসেবে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
কোচিংয়ের প্রতি তাঁর গভীর আগ্রহ রয়েছে বলেও জানান তিনি। প্রতিভাবান এই দলটির সঙ্গে কাজ শুরু করতে আর তর সইছে না তার। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন যুবরাজ। তাঁর কাছ থেকে পরামর্শ পেয়েছেন শুবমান গিল, অভিষেক শর্মা ও প্রভসিমরন সিংয়ের মতো ক্রিকেটাররা।
আইপিএলে এখনো শিরোপা জিততে পারেনি দিল্লি। দলটির দীর্ঘদিনের সেই অপেক্ষা ঘোচাতে যুবরাজের অভিজ্ঞতা কাজে আসবে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
আইপিএলে ১৩২ ম্যাচ খেলে যুবরাজ ২ হাজার ৭৫০ রান করেছেন। পাশাপাশি নিয়েছেন ৩৬টি উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটেও রয়েছে তাঁর সমৃদ্ধ অভিজ্ঞতা। ১৭ বছরের ক্যারিয়ারে ভারতের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি অলরাউন্ডার।
যুবরাজকে স্বাগত জানিয়ে দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান পার্থ জিন্দাল বলেছেন, যুবরাজকে দিল্লি ক্যাপিটালস পরিবারে পেয়ে আমরা দারুণ আনন্দিত। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ম্যাচজয়ী সে। বর্তমান সময়ের অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটারকে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পার্থ জিন্দাল আরও বলেন, তার অভিজ্ঞতা, জয়ের মানসিকতা ও খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের দক্ষতা আমাদের দলের জন্য মূল্যবান হবে। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুবরাজও। দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পুরোনো সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেছেন, দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার পুরোনো সম্পর্ক রয়েছে এবং মালিকদেরও আমি ভালোভাবে চিনি। সে কারণে সুযোগটি আমার কাছে বিশেষ।