উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা ভালো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নাইজেল ক্লার্কের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইএমএফের সাথে গত কয়েক দিনে বাংলাদেশের সংশ্লিষ্ট দলগুলোর দীর্ঘ আলোচনা হয়েছে এবং বাজেট-পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আইএমএফ ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
ব্যাংক খাতের পুনঃমূলধনীকরণ নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বৈঠকে ব্যাংকের পুনঃমূলধনীকরণ, করব্যবস্থা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সামগ্রিকভাবে বৈঠকের আলোচনা ভালো হয়েছে এবং অংশীদারত্বের ভিত্তিতে কাজ করার বিষয়ে উভয় পক্ষের আগ্রহ রয়েছে। বাংলাদেশের সংস্কার কার্যক্রমের বিশ্বাসযোগ্যতা নিয়ে আইএমএফ প্রশ্ন তুলেছে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী তা নাকচ করেন।
তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ যে অগ্রগতি অর্জন করেছে, তা নিয়ে আইএমএফ সন্তুষ্ট এবং সরকারের নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। নতুন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে এবং কর্মসূচির আওতায় যেসব শর্ত থাকবে, সেগুলো বাস্তবায়নের বিষয়ে আলোচনা চলবে। কিছু বিষয়ে সমঝোতার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হতে পারে তবে এ নিয়ে উদ্বেগের কিছু নেই।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সাথে বাংলাদেশের সম্পর্ক কেবল একটি ঋণ কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয় এবং বিশ্বব্যাংকসহ অন্যান্য বহুপক্ষীয় সংস্থার সাথেও অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে চায় সরকার। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এসব সংস্থার সহযোগিতা গুরুত্বপূর্ণ। অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, চলমান আলোচনা অব্যাহত থাকলে আইএমএফ ও বিশ্বব্যাংকসহ বহুপক্ষীয় সংস্থাগুলোর সাথে বাংলাদেশের সহযোগিতা আরো জোরদার হবে।