উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহার করে ৮৫ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৪৯৫ টাকার রাজস্ব ফাঁকির ঘটনা উদ্ঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত ৯ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ইউএজিএম বিডি লিমিটেড নামের একটি কারখানায় অভিযান চালিয়ে এই অনিয়ম শনাক্ত করা হয়।
তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধায় শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করলেও বাস্তবে কোনো উৎপাদন কার্যক্রম পরিচালনা করত না। কারখানার মেশিনপত্র অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল এবং বিদ্যুৎ ব্যবহারের হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, ঘোষিত উৎপাদনের তুলনায় বিদ্যুতের ব্যবহার ছিল অত্যন্ত কম।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, প্রতিষ্ঠানটি শুল্কমুক্ত সুবিধায় আনা কাঁচামাল ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে রপ্তানি দেখানোর ভুয়া তথ্য দিয়ে স্থানীয় খোলাবাজারে বিক্রি করে দিয়েছে। এই ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৮৫ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৪৯৫ টাকা রাজস্ব ফাঁকির মামলা প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।
এনবিআর জানিয়েছে, এই প্রতিবেদনটি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর কাছে পাঠানো হয়েছে। ভবিষ্যতে বন্ড সুবিধার অপব্যবহার রোধে বিদ্যুৎ ব্যবহার ও প্রকৃত উৎপাদন সক্ষমতা বিশ্লেষণের মাধ্যমে নজরদারি আরও জোরদার করা হবে।